শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত এক মাসে লোকালয় থেকে ১৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে অজগর, গোখরা, লজ্জাবতী বানর, ফণিমনসা সাপ, চিতা বিড়াল, বন বিড়াল, তক্ষক ও প্যাঁচাসহ বিভিন্ন প্রজাতির প্রাণী।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, চলতি বছরের ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে পরিবেশকর্মী রাজদীপ দেবসহ ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া কয়েকটি প্রাণী আহত ও অসুস্থ অবস্থায় ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ পরবর্তীতে প্রাণীগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে।
৩১ মে জেসিয়া এলাকা থেকে একটি কড়ি কাটুয়া, ২৭ মে আমরাইলছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর, ২৪ মে নতুন বাজার থেকে একটি সবুজ ফণিমনসা সাপ, ২১ মে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনে থেকে একটি চিতা বিড়াল এবং মির্জাপুর এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়। এ ছাড়া মে মাসের বিভিন্ন সময়ে আরো দু’টি লজ্জাবতী বানর, দু’টি সবুজ ফণিমনসা সাপ, একটি বন বিড়াল, একটি প্যাঁচা, একটি তক্ষক, একটি গোখরা সাপ, একটি অজগর ও একটি হেলে সাপ উদ্ধার করা হয়েছে।



