সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: আমির (২৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দু’জনে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডা: শাওন বিন রহমান বলেন, মো: আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। বর্তমানে আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দগ্ধ শংকর গোমেজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

গত বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা ১২ জন দগ্ধ হন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গত বৃহস্পতিবার একজনের মৃত্যুর পর গতকাল শনিবার আরো একজন মারা যান।