বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. একরামুল হক। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) ও ১১(২) ধারা মোতাবেক তাকে আগামী চার বছরের জন্য বুয়েটের ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
অধ্যাপক ড. একরামুল হক গত ১৫ মে বুয়েটের ১৬তম ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি দেশের উচ্চশিক্ষা ও প্রকৌশল গবেষণার অঙ্গনে সুপরিচিত এক নাম। তিনি ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং অনার্স মার্কসসহ মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বুয়েটে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশে তিনি ব্যাপকভাবে সমাদৃত। ১৯৯৬ সালে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
কুমিল্লা শহরে জন্মগ্রহণকারী অধ্যাপক ড. একরামুল হক ছাত্রজীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৭তম স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বিজ্ঞপ্তি।



