চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে এনসিটিতে মোট এক লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট একক) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে চার হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

বন্দর সূত্র জানিয়েছে, আলোচ্য টার্মিনালে বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় এই রেকর্ড অর্জিত হয়। সূত্রমতে, মে মাসে ৫৯ হাজার ৮৫১ টিইইউস আমদানি কনটেইনার এবং ৬৬ হাজার ৬৪৫ টিইইউস রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে টার্মিনালটিতে।

জানা গেছে গত বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সিডিডিএলের সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রেইজিং পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেডসহ এনসিটির সব প্রবেশ ও বহির্গমন গেটে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে কনটেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব (অতি: দায়িত্ব) মো: নাসির উদ্দিন নয়া দিগন্তকে জানিয়েছেন, এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে, যার পরিমাণ ছিল এক লাখ ২৫ লাখ ৫৩৩ টিইইউস।