রাশিয়ার বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের লাশ উদ্ধার

Printed Edition

বিবিসি

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবুরিরা সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে সাত চীনা পর্যটক ও এক রুশ গাড়িচালকের লাশ উদ্ধার করেছেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি বরফ আচ্ছাদিত হ্রদটিতে ডুবে গিয়েছিল। সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোভজিয়েভ এ ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন। এর আগে তিনি জানান, একজন চীনা পর্যটক কোনোরকমে বেঁচে আসতে পেরেছেন।

শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। মাইক্রোবাসটি হ্রদের ১৮ মিটার (৫৯ ফুট) গভীরে তলিয়ে যায়। মৃতদেহগুলো খুঁজতে ডুবুরিদের আন্ডারওয়াটার ক্যামেরা ব্যবহার করতে হয়েছে। বৈকাল বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। এর সর্বোচ্চ গভীরতা ১৬৪২ মিটার (৫৩৮৭ ফুট)। এই হ্রদটি জনপ্রিয় এক পর্যটন গন্তব্য। তীব্র শীতের মধ্যে হ্রদটির পানি প্রায়ই জমাট বেঁধে যায়। গত কয়েক বছরে এ হ্রদটিতে অনেকগুলো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। টেলিগ্রামে করা এক পোস্টে গভর্নর কোভজিয়েভ জানিয়েছেন, মাইক্রোবাসটি হ্রদের বরফ আচ্ছাদনের তিন মিটার চওড়া একটি ফাটল দিয়ে ভেতরে পড়ে গিয়েছিল।