দ্য হিন্দু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়।
শুভেন্দুর মন্ত্রিসভায় পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। এরপর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ উপলক্ষে কলকাতায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের মূল মঞ্চে রাখা হয় বড় আকারের দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হয় পুরো মঞ্চ এলাকা। দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে ছিল বিভিন্ন খাবারের স্টল। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ নানা বাঙালি খাবারের আয়োজন রাখা হয়।



