নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিকর পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম বলেছেন, গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে তাদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া হবে না।
গতকাল শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু সেই গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা এবং অর্থ পাচারসহ নানা অপরাধকে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে বৈধতা দেয়ার চেষ্টা হয়েছে।
সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে কিংবা শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।
সরকার জুলাইয়ের আকাক্সক্ষার সাথে বেঈমানি করছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দু’টি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাক্সক্ষা ও জুলাই সনদের সাথে বেঈমানি করেছে।’
তিনি আরো বলেন, এনসিপি সরকারকে ইতিবাচকভাবে সহযোগিতা করতে চায়। তবে এজন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
নাহিদ ইসলাম বলেন, ‘১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান।


