নিজস্ব প্রতিবেদক
দেশের শিশু-কিশোরদের জন্য নিবেদিত প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল ‘কিডস ক্রিয়েশন টিভি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২০২১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সফলতার সাথে পাঁচ বছর পূর্ণ করে গত মঙ্গলবার ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাজধানীর নিজস্ব কার্যালয়ে শিল্পী, কলাকুশলী ও শুভাকাক্সক্ষীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের প্রযোজক মিরাদুল মুনীম জানান, দিনব্যাপী আয়োজনে শিশুশিল্পী ও অভিভাবকদের কোলাহলে মুখরিত ছিল পুরো আঙিনা। আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, মিডিয়াব্যক্তিত্ব ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ।
সকালের অধিবেশনে উপস্থিত ছিলেন- রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব:) আব্দুল হক, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর এবং ডিজিটাল চিফ মোস্তাফিজুর রহমান। অতিথিরা চ্যানেলের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আগামী প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এর পরিধি বাড়ানোর আহ্বান জানান। একই সাথে চ্যানেলটিকে ইন্টারনেট থেকে স্যাটেলাইট পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে গত রমজান উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বরিশালের সাবির কাবির সাবা; দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নূর মোহাম্মদ সাদিন এবং মেহরিমা বিনতে ফারুক। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও কিডস ক্রিয়েশন টিভির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দেশীয় সংস্কৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট সুরকার সাইফুল্লাহ মানছুর।
দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বিনিময় করেন নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, কবি নাইম আল ইসলাম মাহিন, বিসিএ সভাপতি আবেদুর রহমান, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ও নির্বাহী প্রযোজক আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া উপস্থিত ছিলেন- ‘জিনিয়াস কিডস’ এর পরিচালক আবদুল্লাহিল কাফি, নাট্যজন ডা: আবু হেনা আবিদ জাফর ও শাহজাহান কবির সাজু, শিক্ষাবিদ ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং ‘জিনিয়াস কিডস-২০২৬’ এর চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের সদস্যরা।
শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে ও অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খানের সঞ্চালনায় আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



