হলুদে কৃত্রিম রঙ বা সীসা ক্ষতিকর

Printed Edition

বাঙালির রান্নাঘর হলুদ ছাড়া প্রায় অচল, কিন্তু এই পরিচিত মশলাটি আদতে খাঁটি তো? ভেজাল হলুদ খাচ্ছেন না তো প্রতিদিন? রান্নায় ব্যবহৃত হলুদে মেশানো থাকতে পারে বিষাক্ত সীসা ও কৃত্রিম রঙ। এর পাশাপাশি থাকতে পারে বিষাক্ত লেড ক্রোমেট বা সীসা, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

আজকাল গুঁড়ো হলুদ ব্যবহার হয় বেশি। বাজারের অনেক প্যাকেটজাত বা খোলা হলুদে উজ্জ্বলতা বাড়াতে মেশানো হয় কৃত্রিম রঙ। নিয়মিত এই বিষাক্ত রাসায়নিক শরীরে গেলে হজমের গোলমাল থেকে শুরু করে স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সীসা মিশ্রিত হলুদ শিশুদের মেধা বিকাশেও বড়সড় বাধা সৃষ্টি করতে পারে। তাই রান্নায় দেয়ার আগে আপনার কেনা হলুদ খাঁটি কি না, তা যাচাই করে নেয়া অত্যন্ত জরুরি।

কী করে বুঝবেন?

১. বাড়িতে বসেই খুব সাধারণ একটি পরীক্ষার মাধ্যমে এই ভেজাল ধরা সম্ভব। একটি স্বচ্ছ কাচের গ্লাসে ঈষদুষ্ণ পানি নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন। এক্ষেত্রে গ্লাসের পানি চামচ দিয়ে ঘাটবেন না, বরং হলুদটিকে নিজের মতো থিতিয়ে পড়তে দিন।

যদি দেখেন হলুদ ধীরে ধীরে গ্লাসের নীচে জমা হচ্ছে এবং পানির রঙ হালকা হলুদ হয়ে আছে, তবে তা খাঁটি। আর যদি হলুদ দেয়ার সাথে সাথেই পানির রঙ গাঢ় বা উজ্জ্বল হলুদ হয়ে যায়, তবে বুঝবেন বিপত্তি আছে। কৃত্রিম রঙ বা কেমিক্যাল মেশানো থাকলে তা দ্রুত পানিতে মিশে গিয়ে এমন অস্বাভাবিক রঙ তৈরি করে।

২. পানির পাশাপাশি হাতের তালুতে সামান্য হলুদ নিয়ে ঘষেও এর বিশুদ্ধতা পরীক্ষা করা যায় খুব সহজে। একটু হলুদ গুঁড়ো আঙুলে নিয়ে তালুতে মিনিট খানেক ঘষুন এবং তারপর সাধারণ পানিতে হাত ধুয়ে ফেলুন। হলুদ খাঁটি হলে হাতের তালুতে খুব হালকা একটা হলদেটে ভাব থাকবে, যা সাবান দিলেই উঠে যায়। কিন্তু যদি দেখেন সাবান দিয়ে ধোয়ার পরেও হাতে কালচে বা গাঢ় হলদে দাগ থেকে গিয়েছে, তবে সাবধান হোন। মেটানিল ইয়েলো নামক ক্ষতিকারক রাসায়নিক রঙ মেশানো থাকলে সেই দাগ সহজে ত্বক থেকে উঠতে চায় না। এই ধরনের জেদি দাগ দেখলে বুঝতে হবে হলুদে বিপজ্জনক ভেজাল মেশানো রয়েছে।

৩. খাঁটি হলুদের নিজস্ব গন্ধ এবং স্পর্শ থেকেও এর বিশুদ্ধতা সম্পর্কে অনেকটা সঠিক ধারণা করা যায়। আসল হলুদের একটি ঝাঁঝালো এবং মাটির মতো সুবাস থাকে, যা কৃত্রিম হলুদে কখনো পাওয়া যায় না। এ ছাড়া আঙুল দিয়ে ধরলে খাঁটি হলুদ সামান্য খসখসে মনে হয়, একেবারেই মিহি পাউডারের মতো হয় না। রান্নায় স্বাদ ও রঙ আনতে গিয়ে যেন নিজেদের অজান্তেই শরীরে বিষ প্রবেশ না করে, সেদিকে নজর রাখতে হবে। কখনো সস্তা দাম বা অতিরিক্ত উজ্জ্বল রঙের প্রলোভনে পড়ে খোলা মশলা কেনা একদমই উচিত নয়। সর্বদা নির্ভরযোগ্য জায়গা থেকে হলুদ কিনুন এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বাড়িতেই তা পরীক্ষা করে নিন। ইন্টারনেট।