এ মাসেই চীন সফর পুতিনের

Printed Edition
এ মাসেই চীন সফর পুতিনের
এ মাসেই চীন সফর পুতিনের

আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন দিনের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে গতকাল শুক্রবার প্রকাশিত এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আগামী ২০ মে পুতিনের এক দিনের এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। সূত্রগুলো আরো জানিয়েছে, এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার একটি নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ। তাই এ সফরে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম। তবে বেইজিং বা মস্কো- কোনো পক্ষই এখনো সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গতকাল শুক্রবার ট্রাম্প তার চীন সফর শেষ করেছেন। দীর্ঘ ৯ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম চীন সফর ছিল। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সাথে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সঙ্ঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেন।

পুতিনের এই সফরের মাধ্যমে বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেয়ার নজির গড়তে যাচ্ছে চীন। এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সি জিন পিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ‘আমরা খুব শিগগির সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবো। সফরের প্রস্তুতি চলছে। বলা যায় প্রস্তুতি ইতোমধ্যে শেষ। এখন শুধু শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। নিকট ভবিষ্যতেই এটি অনুষ্ঠিত হবে।’

মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের পর পুতিনের সম্ভাব্য এই সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ট্রাম্পের বেইজিং সফরের ওপর এটি নির্ভর করছে না; বরং আগে থেকেই এ বিষয়ে আশাবাদী ছিল রুশ নেতৃত্ব। অন্য দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেছেন, দুই প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তুতি নিয়ে বেইজিং ও মস্কো নিবিড় যোগাযোগ বজায় রাখছে।