শ্রীপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে বিষধর সাপের ছোবলে মো: আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে খেতে কাজ করতে যান কৃষক আজাদ মৃধা। কাজ করার সময় হঠাৎ তার পায়ে তীব্র আঘাত অনুভূত হয়। পরে পিছনে ফিরে দেখেন একটি বিষধর সাপ তাকে ছোবল দিয়েছে। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় আশপাশে কাজ করা কৃষকরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা: কাজী নাজমুন সাকিব তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাদ মৃধা দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের তমিজ মৃধার ছেলে। শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা।
জাটকা রক্ষায় ৬০ মামলা, গ্রেফতার ১৬৬ জেলে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মেঘনা নদীতে জাটকা রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। দুই মাসব্যাপী এ অভিযানে শতাধিক জেলে আটক, কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং অসংখ্য নৌকা আটক করা হয়েছে। মোহনপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণে পরিচালিত অভিযানে মোট ৬০টি মামলা ও ৭টি প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এ সময় ১৬৬ আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া এক কোটি ৬৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০০ মিটার অন্যান্য জাল জব্দ করা হয়েছে। অভিযানকালে ৪২টি নৌকা, সাতটি বাল্কহেড আটক এবং ১৭৩৫ কেজি মাছ জব্দ করা হয়। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা।
পটুয়াখালীতে জুয়েলারি দোকানে চুরি
পটুয়াখালীতে টিনের চাল কেটে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রুপার অলঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই অলঙ্কার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর মো: সোহেল হাওলাদার (৩২) এবং ঢাকার ধামরাইয়ের মো: আজাহার আলী ওরফে সোহেল। পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকায় ‘লোকনাথ জুয়েলার্স’-এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে আট ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রুপার অলঙ্কার এবং ক্যাশ বাক্স থেকে ২৮ হাজার ৭০০ টাকা নিয়ে যায়। ভোরে দোকানে এসে আসবাবপত্র এলোমেলো ও চাল কাটা দেখতে পান দোকান মালিকের বাবা। পরে ভুক্তভোগী সঞ্জয় কর্মকার বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। পটুয়াখালী প্রতিনিধি।
গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : গোলাম রসুল
সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে ইতঃপূর্বে যত গণভোট হয়েছে কোনো গণভোট বাতিল করা হয়নি তাহলে এই গণভোট বাতিল করা নিয়ে কেন ধূম্রজাল তৈরি করা হচ্ছে? বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, পৌর আমির মাওলানা আব্দুল খালেক, মাস্টার ইমদাদুল হক, শ্রমিক নেতা তুহিনুর রহমান প্রমুখ। চৌগাছা (যশোর) সংবাদদাতা।
চোলাই মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৮০ লিটার চোলাই মদ ও নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের সেতরাই নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ১৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান রিজভী (২৮) ও গাব্রিয়েল মিনস (৪২) নামে দু’জনকে আটক করে পুলিশ। আটক রায়হান রিজভী ঠাকুরগাঁও সদর আর্ট গ্যালারির ইয়াকুব আলীর ছেলে এবং গাব্রিয়েল মিনস জেলার গোবিন্দনগর বাগানবাড়ি এলাকার মাতিয়াস মিনসের ছেলে। এদিকে একই রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালোপীর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বই বিতরণ করেছে স্থানীয় প্রতিভা কল্যাণ ট্রাস্ট। একই সাথে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিও অনুমোদন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার রীতা ফারিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: মো: হারুন অর রশিদ, সহসভাপতি মো: সুজন ভূঁঁইয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহমান সোহাগ। কোষাধ্যক্ষ করা হয়েছে সাইফুল ইসলামকে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির মধ্যকার যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসন এবং দুই জেলার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতু বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সেক্রাটারি মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
রামগতি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী শূন্যতাসহ সার্বিক সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদার, আর এম ও ডা: মো: নিশাদ হোসেন, মেডিক্যাল অফিসার পরিবার পরিকল্পনা ডা: মো: সিহাব হাসান চৌধুরী প্রমুখ। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।
কেন্দুয়ায় চুরির হিড়িক
নেত্রকোনার কেন্দুয়ায় চুরির হিড়িক পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও রক্ষা করতে পারছেন না জিনিসপত্র। ফলে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে, নেমে এসেছে হতাশা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই চুরি হচ্ছে গরু, সেচ পাম্প, মোবাইলসহ বিভিন্ন জিনিস। ইতোমধ্যে মাসকা ইউনিয়নের বাইগনী গ্রামের সাইকুল ইসলামের চারটি ও আবু তাহেরের একটি গরু, নওপাড়া ইউনিয়নের মাইঝকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের তিনটি ষাঁড় ও দু’টি গাভী, শেওড়া গ্রামের মন্তু মিয়ার একটি গরু, সান্দিকোনা ইউনিয়নের ফেনেরগাতী গ্রামের হাবিবুর রহমানের একটি ষাঁড় ও দু’টি বকনা গরু, পৌর সদরের টেংগুরি মহল্লার বাবুল মিয়ার চারটি গরু চুরি হয়। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা।



