গাইবান্ধা-৫ আসনে জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন দেখছেন নির্মল চন্দ্র

Printed Edition

ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রবিদাস। কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নির্মল চন্দ্র পেশায় একজন জুতা মেরামতকারী, যিনি এলাকায় পাদুকাশিল্পী হিসেবে পরিচিত।

অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা নির্মল চন্দ্রের পড়াশোনা অষ্টম শ্রেণীর পর থেমে যায়। জীবিকার প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে যেতে গিয়ে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা ও কষ্টকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাই তাকে রাজনীতিতে যুক্ত করেছে বলে জানান।

নির্মল চন্দ্র বলেন, ফুলছড়ি ও সাঘাটা এলাকার বড় অংশ প্রতি বছর নদীভাঙনের ঝুঁকিতে পড়ে। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করলেও তাদের সমস্যা জাতীয় পর্যায়ে যথাযথভাবে উঠে আসে না। নির্বাচিত হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ, শ্রমজীবী শ্রেণী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা সংসদে তুলে ধরতে চান তিনি।