ময়মনসিংহ অফিস
প্রটোকল আর ভিআইপি দূরত্বের প্রাচীর ভেঙে একজন সাধারণ মানুষের মতো শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গত শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে মরহুম আবদুল হামিদের জানাজা ও দাফন কার্যে সরাসরি অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেমপুরে মরহুম আবদুল হামিদের নামাজে জানাজা শেষে লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ করেই এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। কোনো প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আর ১০ জন সাধারণ মানুষের মতো এগিয়ে গিয়ে মরহুমের খাটিয়া নিজের কাঁধে তুলে নেন।
শুধু খাটিয়া কাঁধে নেয়াই নয়, কবরস্থানে পৌঁছে তিনি নিজে মাটির গভীরে নেমে নিজ হাতে দাফন কাজে অংশ নেন। দাফন সম্পন্ন হওয়ার পর তিনি শোকাহত পরিবারের সদস্যদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
রাজনীতির চেনা কোলাহলে এমন মানবিক দৃশ্য সচরাচর দেখা যায় না। প্রতিমন্ত্রীর এমন বিনয়ী, সহমর্মিতাপূর্ণ আচরণ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার এই অনন্য রূপ স্থানীয় সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে। স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে জানান, ক্ষমতায় থেকেও যিনি এভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে মাটির মানুষ হয়ে মিশে থাকতে পারেন, তিনিই প্রকৃত জনপ্রতিনিধি। মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর এই নীরব উপস্থিতি যেন ক্ষমতার চেয়ে মানবিকতা ও মানুষের অবস্থানকেই সবার ওপরে স্থান দিলো।



