ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, গাকৃবিতে বহিরাগত প্রোভিসি নিয়ে ক্ষোভ

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরের দুই গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে। ডুয়েটে বহিরাগত ভিসি নিয়োগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অন্য দিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি পদে বহিরাগত কাউকে নিয়োগের গুঞ্জনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া।

ডুয়েট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। এ খবর প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নেয়। এ সময় ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘নতুন ভিসি অবাঞ্ছিত’ উল্লেখ করে ব্যানার টাঙিয়ে দেন। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতাই বেশি। তাই ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।