চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের সময় ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সাথে ঝড়ের দাপটে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মকলেছুর রহমান (৬৫) তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, ঝড় শুরু হলে তিনি বাড়ির ছাদ থেকে টিন নামানোর সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
এ দিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে, ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক করা হয়। জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বোরো ধান ও উঠতি ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে সদ্য শীষ বের হওয়া ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ওই সময় জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।


