নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এই অভিমত প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশী-বিদেশী বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় এ টি এম আজহার বলেন, আমরা যারা কারাগারে ছিলাম, তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারব না। আমি জামায়াতের দায়িত্বে থাকার সময় বেগম খালেদা জিয়ার সাথে নানা আন্দোলন-সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সব সময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন। তাকে বিদেশে পাঠাতে চাইলেও যাননি। তিনি আরো বলেন, আমরা যাদের সাথে আন্দোলন করেছি তারা আজকে অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। তাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেয়া হয়েছিল। সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।
এ সময় তিনি তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা যদি আমাকে ভোট না দিতেন তাহলে আমি আজ এখানে আসতে পারতাম না।



