সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের রাজনীতির যে সংস্কৃতি, তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন, তারা যার যার এলাকার প্রাইম মিনিস্টার। ইউনিয়নের একজন কর্মীও মনে করেন, তার দল এখন ক্ষমতায়, তিনি তার এলাকার প্রাইম মিনিস্টার। এই চাপটা প্রশাসনের ওপর সব সময় থাকে। এটা আমি খুব ভালোভাবেই বুঝি। তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আপনাদের কাজটা যতটা সম্ভব সহজ করা যায়।
গত শনিবার দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশ্যে ব্যারিস্টার রুমিন আরো বলেন, সবাইকে বলব, সরাইল একটা কিন্তু আমাদের সবার। আমার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দিবে না, তাহলে আপনার এলাকা, যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন, পাঁচ বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে। আমার একটাই লক্ষ্য, মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, আগামী পাঁচ বছর সেবা দিয়ে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে চাই।



