ময়মনসিংহ অফিস
ঈদের ছুটিতে ঝুঁকিপূর্ণ ভ্রমণের করুণ পরিণতি-ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঘটনাস্থলে উপস্থিতদের স্তম্ভিত করে।
নিহত রুবেল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় একটি দেয়াল ঘড়ির কারখানায় কর্মরত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ময়মনসিংহ-জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা (৩০) নামে আরেক যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরো দুইজন।
নিহত মুসা গাজীপুর জেলার উত্তর সালনা এলাকার কোরবান আলীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, তিনি জামালপুরে ভাইয়ের মুরগির খামারে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ পথচলা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এসব দুর্ঘটনা ঘটে।
ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। সংশ্লিষ্টদের মতে, সচেতনতা ও কঠোর নজরদারির অভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে।



