লেখালেখি সাহিত্য পুরস্কার পেলেন মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

Printed Edition

২০২৫ সালের লেখালেখি সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কবি ড. মাহবুব হাসান এবং ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছেন কবি আবদুল হাই শিকদার। শিল্প সাহিত্য অঙ্গনে অনন্য সফলতার জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। ওই দুই বছরের পুরস্কার শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে যথাক্রমে কবি ড. মাহবুব হাসান ও কবি আবদুল হাই শিকদারকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। ২০১৩ সাল থেকে লেখালেখি সাহিত্য পুরস্কার চালু করা হয়। কবি আল মাহমুদ, কবি আল মুজাহিদী, কবি আসাদ চৌধুরী ও ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর লেখালেখি সাহিত্য পুরস্কার লাভ করেন। গতকাল রোববার রোকেয়া সরণির ইয়ুথ টাওয়ারে ওই পুরস্কার কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।

ড. মাহবুব হাসান : তিনি একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক ও ভূরাজনৈতিক বিশ্লেষক। কবিতায় তিনি উত্তর-ঔপনিবেশিক উত্তর-আধুনিক চেতনার মাধ্যমে নতুন ঐতিহ্যের পথ নির্মাণ করে চলেছেন। সে কারণেই তাকে কবিতায় পুরস্কার দেয়া হলো। জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল, টাঙ্গাইলে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের কবিতা নিয়ে।

কবি আবদুল হাই শিকদার : ১৯৫৭ সালের ১ জানুয়ারিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। তারপর শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেন। বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক। তিনি বিশিষ্ট গবেষক। নজরুল নিয়ে তার অনেক বই আছে, যা তাকে কবির পাশাপাশি একজন অগ্রগণ্য গবেষক হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি রাজনীতির সাথে জড়িত। বিএনপি চেয়ারপারসনের তিনি উপদেষ্টা। বিজ্ঞপ্তি।