কালীগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বাঁশঝাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে। আহত বাংলাদেশীরা হলেন- কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো: গোলাম রব্বানীর ছেলে মো: মহিউদ্দিন (৪০) ও একই গ্রামের মৃত ফজের আলী সরদারের ছেলে মো: শাহিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও শাহিন প্রায় এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতা হয়ে তামিলনাড়ু রাজ্যে যান। এরপর তারা সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে অবৈধভাবে দেশে ফিরে আসার পথে বাঁশঝাড়িয়া এলাকায় কালিন্দী নদী অতিক্রমের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোর পৌনে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা সদর হাসপাতালের রেফার্ড করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সুজায়েত হোসেন জানান, ভোর পৌনে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে জরুরি বিভাগে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।



