জাতিসঙ্ঘ মহাসচিব হতে টেলিভিশন বিতর্কে ৬ প্রার্থী

Printed Edition

এএফপি

জাতিসঙ্ঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসচিব নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে আর এক সপ্তাহ বাকি। এর আগে সংস্থাটির ছয় মহাসচিব প্রার্থী প্রতীকী গুরুত্ব বহনকারী সাধারণ পরিষদের (জেনারেল অ্যাসেম্বলি) হলে টেলিভিশনে সম্প্রচারিত এক বিতর্কে অংশ নেবেন।

এবারের প্রচারণায় এখনো কোনো স্পষ্ট শীর্ষ প্রার্থী সামনে আসেননি। নির্বাচন ঘিরে উল্লেখযোগ্য উৎসাহও দেখা যাচ্ছে না। এ অবস্থায় প্রার্থীরা কূটনীতিক, জাতিসঙ্ঘের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশ্নের মুখোমুখি হবেন। ৯০ মিনিটের এই বিতর্কটি ব্লুমবার্গ সম্প্রচার করবে।

বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্পান, গায়ানার ক্যারোলিন রড্রিগেজ-বিরকেট ও সেনেগালের ম্যাকি সাল। সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, ‘জাতিসঙ্ঘের এই টাউন হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদের প্রার্থীদের ভাবনা, অগ্রাধিকার ও নেতৃত্বের দৃষ্টিভঙ্গি জানার বিরল সুযোগ করে দেবে।’

তিনি বলেন, ‘ক্রমেই বিভক্ত হয়ে পড়া বিশ্বে জাতিসঙ্ঘের এমন একজন অসাধারণ প্রধান প্রশাসক দরকার, যিনি সংস্থাটিকে একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলবেন। একই সাথে এমন একজন নেতাও প্রয়োজন, যিনি দৃঢ়তার সাথে জাতিসঙ্ঘ সনদ ও এর তিনটি মূল ভিত্তি রায় কাজ করবেন।’ বর্তমানে জাতিসঙ্ঘ তীব্র আর্থিক ও আস্থার সঙ্কটের মুখে রয়েছে।