গাছের ডালে বসে চা-কফি পান ব্যতিক্রমী ‘বৃক্ষ বিলাস’

Printed Edition
গাছের ডালে বসে চা-কফি পান ব্যতিক্রমী ‘বৃক্ষ বিলাস’
গাছের ডালে বসে চা-কফি পান ব্যতিক্রমী ‘বৃক্ষ বিলাস’

রুহুল আমিন সৌরভ কালীগঞ্জ (ঝিনাইদহ)

সবুজ প্রকৃতির মাঝখানে গাছের ডালে বসে চা-কফি কিংবা পছন্দের খাবার উপভোগ করার এক এক ব্যতিক্রমী অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। উপজেলার চারাতলা বাজারসংলগ্ন ঘোড়দহ গ্রামে বটগাছের ওপর কাঠের মাচা তৈরি করে গড়ে তোলা হয়েছে ‘বৃক্ষ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।

প্রকৃতিনির্ভর এই রেস্টুরেন্টটি এরই মধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এমন নতুন এক অভিজ্ঞতার স্বাদ নিতে।

ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিণাকুণ্ডু সড়কের চারাতলা বাজারের পাশে রেস্টুরেন্টটির অবস্থান। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানি বাজার হয়ে কাতলামারী-চারাতলা সড়ক দিয়েও সহজেই পৌঁছানো যায় সেখানে।

স্থানীয় দুই কলেজপড়ুয়া তরুণ কনক হোসেন ও আবির হাসানের উদ্যোগে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে উঠতে হয় গাছের গায়ে লাগানো কাঠের সিঁড়ি বেয়ে। ওপরে কাঠের মাচায় বসে চারপাশের সবুজ প্রকৃতি, পাখির ডাক আর শীতল বাতাস উপভোগ করতে এবং কফি বা চা খেতে পারেন দর্শনার্থীরা।

ঢাকা থেকে ঘুরতে আসা রাকিব হাসান বলেন, গাছের ডালের ওপরে বসে চা খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছে মনের সব ক্লান্তিটা যেন দূর হয়ে গেল। ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার শিউলি খাতুন বলেন, আমাদের এলাকায় এমন ব্যতিক্রমী কিছু হবে ভাবিনি। এখন অনেক মানুষ আসছে, এতে এলাকাও পরিচিতি পাচ্ছে। রেস্টুরেন্টটির উদ্যোক্তা কনক হোসেন বলেন, মানুষকে প্রকৃতির কাছাকাছি এনে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতেই তাদের এ উদ্যোগ।

স্থানীয়দের মতে, শহুরে কোলাহল থেকে কিছুটা সময় দূরে থেকে প্রকৃতির সান্নিধ্যে কাটানোর সুযোগ করে দেয়ায় রেস্টুরেন্টটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।