রাজনৈতিক উত্তেজনায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দায় রাজনৈতিক বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর ছিলো। জানা গেছে, বিএনপির সাবেক প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও বর্তমান সংসদ সদস্য মুফতি মুহাম্মুল্লাহর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সম্প্রতি চরম রূপ নিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশ ও শক্তি প্রদর্শনের ঘোষণায় সঙ্ঘাতের আশঙ্কা দেখা দিলে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নেয়। তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, জননিরাপত্তা রক্ষায় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো সহিংসতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ময়মনসিংহ অফিস।
সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, এস এম সুলতান ও বিজয় সরকারের স্মৃতিবিজড়িত পুণ্যভূমিতে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বিছালী এলাকায় ‘অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ’ আয়োজিত কৃষক মেলা ও আলোচনা সভায় শিক্ষক, কবি ও গবেষকেরা এ দাবি জানান। বক্তারা বলেন, নড়াইল ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ হলেও উচ্চশিক্ষায় অবহেলিত। পদ্মা ও মধুমতি সেতুর ফলে যোগাযোগ সহজ হওয়ায় এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন এইচ এম সিরাজ। অনুষ্ঠান শেষে পর্যন্ত বাউল ও জারি গান পরিবেশিত হয়। নড়াইল প্রতিনিধি।
অবৈধ কীটনাশক ও সার জব্দ, জরিমানা
যশোর শহরতলির চাঁচড়া এলাকায় লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুতের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার দুপুরে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে হাবিবউল্লাহ খান নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যবসা করলেও গত তিন বছর ধরে তার কোনো লাইসেন্স নেই। এছাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার ও লেবেলবিহীন নকল পণ্য জব্দ করা হয়। ভোক্তা অধিকারের কর্মকর্তা সেলিমুজ্জামান এ জরিমানা করেন। জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৬। যশোর অফিস।
চাটমোহরে প্রকাশ্যে জুয়ার আসর ও কারবার
পাবনার চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে মাদক ও জুয়ার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে ছোটশালিখা ও কুবিরদিয়ার গ্রামে ইয়াবা, হেরোইন ও গাঁজা প্রকাশ্যে কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুবিরদয়ার গ্রামে রাতভর জুয়ার আসর বসছে, যেখানে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা অংশ নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক বিক্রেতারা দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে উঠছে, ফলে যুবসমাজ ধ্বংসের মুখে। চাটমোহর থানার ওসি মো: গোলাম মোস্তফা মাদকের আধিক্যের কথা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। শিগগিরই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। চাটমোহর (পাবনা) সংবাদদাতা।
সাংবাদিক হেনস্তাকারী কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে তিন সাংবাদিককে তালাবদ্ধ করে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত সহকারী নায়েব শামসুদ্দোহাকে শাস্তিমূলক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গত রোববার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার ভূমি অফিসে ঘুষ সংক্রান্ত তথ্যের জন্য গেলে তিন সাংবাদিককে ঘরের ভেতর আটকে রাখেন শামসুদ্দোহা ও অফিস সহায়তাকারী। প্রায় এক ঘণ্টা পর ইউএনওর হস্তক্ষেপে তারা মুক্তি পান। এ ঘটনায় প্রশাসনিক তদন্ত শেষে অভিযুক্ত কর্মকর্তাকে নাসিরনগরের প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়েছে। তবে এ ঘটনায় সাংবাদিকরা সন্তেÍাষ প্রকাশ করলেও তাকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
বদলগাছীতে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন
নওগাঁর বদলগাছীতে মশার তীব্র উপদ্রবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত সমানতালে মশার যন্ত্রণায় শিক্ষার্থীরা পড়াশোনায় এবং ব্যবসায়ীরা কাজে ব্যাঘাতের শিকার হচ্ছেন। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করা এবং জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। কয়েল বা অ্যারোসলেও কোনো কাজ না হওয়ায় মশাবাহিত রোগের ঝুঁঁকি বাড়ছে। এ ছাড়া এলাকায় মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মশার প্রজনন সময়, তাই সচেতনতা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, ড্রেন পরিষ্কার ও মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এলাকাবাসী সরকারিভাবে ফগার মেশিন ব্যবহারের দাবি জানিয়েছেন। বদলগাছী (নওগঁঁাঁ) সংবাদদাতা।
ভাওয়ালগড়ে রিসোর্টে অভিযান, মাদকসহ আটক ৬
গাজীপুরের ভাওয়ালগড় এলাকার ‘ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’-তে রাতভর অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতের ওই অভিযানে রিসোর্টটি থেকে কুশ, ক্যানাবিস চকলেট, বিদেশী মদ-বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সাথে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ও ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়াই সেখানে ডিজে পার্টি ও অনৈতিক কর্মকাণ্ড চলছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রিসোর্টগুলোতে এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে জেলা প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হবে। গাজীপুর মহানগর প্রতিনিধি।
নিরাপত্তা না পেলে পাম্প বন্ধের হুঁশিয়ারি
সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে বহিরাগতদের বিশৃঙ্খলা ও হুমকির প্রতিবাদে পাম্প বন্ধের হুঁশিয়ারি দিয়েছে শ্যামনগর ফিলিংস্টেশন কর্তৃপক্ষ। গত শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ার সময় পাশের কালিগঞ্জ উপজেলা থেকে আসা একদল বাইকার বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মালিক ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। স্টেশন মালিকের অভিযোগ, উত্তেজনার সময় পুলিশকে জানালেও কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। এ ঘটনায় তারা আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। তবে শ্যামনগর থানার ওসি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে তেল সরবরাহ বন্ধ রাখা হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় শ্যামনগর ফিলিংস্টেশন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা প্রতিনিধি।



