জন্মদিনে বিদায় সিওনতেকের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্যারিসের রোলাঁ গ্যারোঁতে একের পর এক নক্ষত্রের পতন ঘটছে। সবশেষ বড় অঘটনের জন্ম দিলেন ইউক্রেনের মার্টা কোসটিউক। নারী এককের চতুর্থ রাউন্ডে চারবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিওনতেককে ৭-৫ ও ৬-১ সেটে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। এর আগে কোকো গফ, জানিক সিনার, নোভাক জকোভিচের মতো তারকাদের পতনের সাক্ষী হয়েছে ফ্রেঞ্চ ওপেন।

নিজের ২৫তম জন্মদিনে কোর্টে নেমেছিলেন সিওনতেক। ম্যাচের প্রথম সেটে ৫-৪ গেমে এগিয়েও সেটটি ধরে রাখতে পারেননি পোলিশ তারকা। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন কোসটিউক। টানা চার গেম জিতে প্রথম সেট নিশ্চিত করার পর দ্বিতীয় সেটেও আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নেন তিনি।

এ নিয়ে ক্লে কোর্টে কোসটিউকের টানা ১৬তম জয়। চলতি মৌসুমে মাটির কোর্টে তিনি এখনো অপরাজিত রয়েছেন এবং এবারই প্রথম রোলাঁ গ্যারোঁর শেষ আটে জায়গা করে নিলেন।

নারী এককে আরেক ম্যাচে রোমানিয়ার সোরানা ক্রিশ্চিয়া চীনের ওয়াং জিজুকে ৬-৩, ৭-৬(৪) ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

পুরুষ এককেও চলছে অঘটনের ধারা। ২৪ গ্র্যান্ডসø্যামজয়ী নোভাক জকোভিচ তৃতীয় রাউন্ডে ব্রাজিলের তরুণ জোয়াও ফনসেকার কাছে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫ ও ৭-৫ সেটে হেরে বিদায় নিয়েছেন। দুই সেট পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেন ১৯ বছর বয়সী ফনসেকা। তবে বিশ্ব নম্বর ওয়ান বাছাই জানিক সিনারের ভাগ্য আরো খারাপ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি। আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়ালের কাছে ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১ ও ৬-১ সেটে হারেন। প্রথম দুই সেটে এগিয়ে থেকেও ম্যাচের মাঝে অসুস্থ হয়ে পড়েন এ তারকা। যার ফলে ম্যাচের শেষ অংশে তার পারফরম্যান্স নাটকীয়ভাবে নেমে যায়। শেষ ২৫টি গেমের মধ্যে ১৯টিতে হেরে পরাজয় মেনে নিতে বাধ্য হন।

এ ছাড়া পুরুষ এককে আলেকজেন্ডার জাভেরেভ ও ক্যাসপার রুড নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছেন। নারী এককে এলিনা সিভিটোলিনা ও মিরা আন্দ্রেভা ও জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে টিকে আছেন। এ দিকে কোকো গফ, জানিক সিনার, জকোভিচ ও ইগা সিওনতেকের মতো তারকাদের বিদায়ের পর ২০২৬ সালের ফ্রেঞ্চ ওপেন এখন পুরোপুরি নতুন চ্যাম্পিয়নের সম্ভাবনায় উন্মুক্ত হয়ে গেছে।