নতুন প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে : চট্টগ্রামের ডিসি

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা তাদের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত বুধবার ডিসি হিলে জাতীয় কবির নামে নির্মিত ‘নজরুল স্কয়ার’-এর সংস্কার পরবর্তী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, আমরা চাই নতুন প্রজন্ম জানুকÑ কার গান ও লিখনী তাদের উদ্দীপ্ত করে এবং কার চেতনা অন্যায়ের বিরুদ্ধে শক্তি জোগায়। সেই লক্ষ্যেই নজরুল স্কয়ারকে নতুনভাবে সাজানো হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানেও নজরুলের লিখনী মানুষকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরো উল্লেখ করেন, নজরুল কেবল বিদ্রোহের নন, তিনি সাম্য ও চেতনার কবি। ১৯২৫ সালে রচিত ‘নারী’ কবিতা বা ঈদের চিরায়ত গানÑ সবক্ষেত্রেই তার অবদান আজও সমান প্রাসঙ্গিক। সমাজের যেকোনো অবিচারে তরুণরা আবারো কবির চেতনাকে ধারণ করে রুখে দাঁড়াবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা প্রশাসক জানান, ২০০৫ সালে ডিসি হিলে এই ‘নজরুল স্কয়ার’ স্থাপন করা হয়। তবে আশপাশের সড়কের উচ্চতা বেড়ে যাওয়ায় মনুমেন্টটি নিচু ও জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল। বর্তমান সংস্কারের মাধ্যমে স্থানটিকে আবার দৃষ্টিনন্দন ও মর্যাদাপূর্ণ রূপ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।