নয়া দিগন্ত ডেস্ক
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া, দিনাজপুরের খানসামা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়নের দণি পাপরাইল ও নড়িয়ার বিশুগাঁও গ্রামে দুই শিশু ও এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। স্থানীয়রা জানায়, দণি পাপরাইল গ্রামে আট বছরের শিশু রিফাত সমবয়সী মামাতো ভাই হৃদয়ের সাথে খেলাধুলা করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া নড়িয়া উপজেলার বিশুগাঁও গ্রামে আবুল হোসেন সরদার (৬০) নামে এক বৃদ্ধ পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি।
খানসামা (দিনাজপুর) সংবাদদাতা জানান, আত্রাই নদীতে গোসল করতে নেমে ঢাকার মিরপুরের বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার কালিরবাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গোসল করতে গিয়ে পানিতে ডুবে আকিবুল (১১) ও সাফওয়ান (৭) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে।
জানা যায়, ঈদ উপলে তারা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে দুই ভাই নানাবাড়ির পুকুরে গোসল করতে নামলে এক ভাই পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে অন্য ভাইও ডুবে যায়।



