১৭ বছর পর লর্ডসে খেলবে বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মনে তো থাকার কথা। লডসে তামিম ইকবালের সেঞ্চুরি। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য স্মৃতিতে টাটকা থাকার কথা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেনু লর্ডসে খেলার অপো অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেনুতে টেস্টে ইংল্যান্ডের বিপে খেলবে বাংলাদেশ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে ২০২৭ সালের ঘরের মাঠের সিরিজের সূচি প্রকাশ করেছে। লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ২৮ মে। আগামী বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলকেও আতিথেয়তা দেবে ইংল্যান্ড। সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড নারী ক্রিকেট দল।

বাংলাদেশ-ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তিন ওয়ানডে ও তিন টি-২০-এর প্রত্যেকটিই হবে আলাদা ছয় ভেনুতে। নর্দাম্পটনে ৮ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। অপর দুই টি-২০ হবে ১০ ও ১২ সেপ্টেম্বর। শেষ দুই টি-২০-এর ভেনু টন্টন ও ওরচেস্টার। এই সিরিজ শেষে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর হতে যাওয়া প্রথম ওয়ানডের ভেনু হোভ। ক্যান্টারবুরিতে দ্বিতীয় ওয়ানডে ২১ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর শেষ ওয়ানডের ভেনু চেমসফোর্ড।

বাংলাদেশের পুরুষ-নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়াকেও আগামী বছর আমন্ত্রণ জানাবে ইংল্যান্ড। পাকিস্তান ছেলেদের ক্রিকেট দল পাঁচ ওয়ানডে খেলবে ইংল্যান্ডে। ছেলেদের অ্যাশেজে পাঁচ টেস্ট হবে। নারী অ্যাশেজে এক টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে ও তিন টি-২০ হবে। বাংলাদেশ সিরিজ নিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘আমরা লর্ডসে এক টেস্টের জন্য বাংলাদেশ ছেলেদের স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট ম্যাচ। একই সাথে আমরা একটি সাদা বলের সিরিজে বাংলাদেশ নারী দলকেও আতিথেয়তা দেবো।’

লর্ডসে ২০১০ সালে তামিম সেঞ্চুরি করেছিলেন ৯৪ বলে। যা এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তখন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-২০ অধিনায়ক লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে আসেননি। বিসিবির সভাপতি হিসেবে তামিম মাঠে বসে হয়তো শান্ত-লিটনদের খেলা দেখবেন। লর্ডসে এখন পর্যন্ত বাংলাদেশ দুই টেস্ট খেলেছে। ২০০৫ সালে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বাংলাদেশকে ইনিংস ও ২৬১ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকুর রহীমের। এরপর ২০১০ সালে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এবার লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেনু বদলে গেছে। আগামী বছরের ৯-১৩ জুন ওভালে হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল।

বাংলাদেশ-ইংল্যান্ড ছেলেদের সিরিজ (২০২৭ সাল)

তারিখ ম্যাচ ভেনু

২৮ মে-১ জুন টেস্ট লর্ডস

বাংলাদেশ-ইংল্যান্ড মেয়েদের সিরিজ (২০২৭ সাল)

তারিখ ম্যাচ ভেনু

৮ সেপ্টেম্বর ১ম টি-২০ নর্দাম্পটন

১০ সেপ্টেম্বর ২য় টি-২০ টন্টন

১২ সেপ্টেম্বর ৩য় টি-২০ ওরচেস্টার

১৭ সেপ্টেম্বর ১ম ওয়ানডে হোভ

২১ সেপ্টেম্বর ২য় ওয়ানডে ক্যান্টারবুরি

২৪ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে চেমসফোর্ড