বান্দরবানে ফাঁদ পেতে বন্য হরিণের গোশত দিয়ে ভূরিভোজ

বনবিভাগের অভিযানে গ্রেফতার ৪

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

ফাঁদ পেতে বন্য হরিণ শিকার করে ভূরিভোজ করার সময় বান্দরবানে বনবিভাগের অভিযানে গ্রেফতার করা হয়েছে চারজনকে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বন্য প্রাণী আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- দিল মোহাম্মদ (৪৪), তার ছেলে আবু তাহের (১৮), মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৭) ও আবদুস সালামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। তারা সবাই জেলার সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বাসিন্দা। বনবিভাগ জানায়, কারাগারে যাওয়া সবাই হরিণ শিকার চক্রের সক্রিয় সদস্য। তারা সুয়ালক ইউনিয়নের কাইচতলি ও প্রান্তিক লেক এলাকার পাহাড়ে হরিণ শিকার করতেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল দিল মোহাম্মদ ও আবদুস সালামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তখন তাদের বাড়িতে রান্না করা হরিণের গোশত পাওয়া যায়।

বনবিভাগের বান্দরবান সদর রেঞ্জের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শিকারি চক্রের হরিণ শিকারের বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল। তবে কাউকে ধরতে পারছিলেন না। রাতে গোশতসহ চারজনকে গ্রেফতার করতে পেরেছেন। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।