বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে : মেজর হাফিজ

Printed Edition
ভোলার লালমোহনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন মেজর (অব:) হাফিজ উদ্দিন :  নয়া দিগন্ত
ভোলার লালমোহনে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন মেজর (অব:) হাফিজ উদ্দিন : নয়া দিগন্ত

লালমোহন (ভোলা) সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। গত বুধবার বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেজর (অব:) হাফিজ উদ্দিন বলেন, এবারের নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। যে দল ও প্রার্থী বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করবে, জনগণ যেন তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেয়- এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরস্থায়ী থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।

শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি মো: ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানা বাবুল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।