ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসের ১১ তারিখ পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের। এবারের আসরের যৌথভাবে আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তিন দেশের ১৬টি শহরে এবার রেকর্ড ৪৮টি দল খেলবে। বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেড। তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর খেলা সম্প্রচার করার কথা ছিল।
এবারের ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি বিটিভিতে সম্প্রচার করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে আলোচনা করছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বিশ্বকাপের খেলাগুলো।
বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম গতকাল বলেন, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার নিয়ে অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। মন্ত্রী মহোদয় সেই ঘোষণা দেবেন।’ ফিফার সাথে সরকারের আলোচনা চূড়ান্ত হলে বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে বিটিভি।



