সরকার মৌলিক সংস্কার অধ্যাদেশগুলো বাতিল করেছে : হামিদুর রহমান আযাদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংসদে মৌলিক সংস্কার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, যেগুলো পাস করা হয়েছে তা মৌলিক সংস্কার নয়।

গতকাল ফরিদপুর শহরতলীর মুসলিম মিশন মিলনায়তনে ফরিদপুর অঞ্চলের উপজেলা ও পৌরসভা দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতের এ নেতা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ ল্যাপস করে আপনারা কি আবারো আয়না ঘর তৈরি ও গুমের মতো ঘটনা ঘটিয়ে বিরোধী দলকে দমন করতে চান ?

তিনি বলেন, বর্তমান সরকার প্রধান নির্বাচনের আগে তাদের দলীয় প্রতীকের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও সমর্থন চেয়েছিলেন, তবে কেন একই তফসিলের দু’টি ভোটে অংশ নিয়ে একটির শপথ পড়লেন আর হ্যাঁ ভোটের রায়কে ছুড়ে ফেললেন।

হামিদ আযাদ বলেন, আপনারা দেশের প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে এভাবে ছুড়ে ফেলতে পারেন না। আপনাদের মনে রাখতে হবে দেশটা কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি সবার বাংলাদেশ। অধিকাংশ জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

ডাকসুর নেতাদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হল থানা, আর ছাত্র নেতারা থানায় গিয়ে হামলার শিকার হন। তাদের অপরাধ কী ছিল। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরো বলেন, সরকারকে বলব আপনার দলের মাস্তানদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনগণ তাদের প্রতিহত করবে, তখন কিন্তু রেহাই পাবেন না। তিনি বিএনপির উদ্দেশে বলেন শিবিরকে রগ কাটার অপবাদ দেয়া হয়, কিন্তু আমরা চট্টগ্রামে কী দেখলাম, আমার ভাইয়ের পায়ের রগ কেটেছে কারা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজন হলে আবারো জুলাইয়ের মত আন্দোলন হবে, এখনো সময় আছে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। তিনি নিজ দলের নেতাকর্মীদের আগামীতে আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ইমতিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ।