কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব প্রাণহানি ৮০

Printed Edition

বিবিসি

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র’ (আফ্রিকা সিডিসি) আনুষ্ঠানিকভাবে এটিকে ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ঘোষণা করেছে। এটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।

সংস্থাটির তথ্যানুযায়ী, সর্বশেষ এই প্রাদুর্ভাবে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৪৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮০ জন। আক্রান্তদের বেশির ভাগই স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপারা শহরের বাসিন্দা।

উগান্ডায় সংক্রমণ শনাক্ত

এ দিকে প্রতিবেশী দেশ উগান্ডায়ও ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার অন্য দেশ থেকে আসা এক ব্যক্তির শরীরে ইবোলা সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫৯ বছর বয়সী কঙ্গোর এক নাগরিক বৃহস্পতিবার রাজধানী কাম্পালার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পরীক্ষায় তার শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়। তিনি সম্প্রতি কঙ্গো সফর করেছিলেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমণের কোনো ঘটনা শনাক্ত হয়নি বলে জানিয়েছে উগান্ডা।

কঙ্গোতে ১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়। ধারণা করা হয়, বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।