নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসার ইন্তেকাল করেছেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন কামরুদ্দিন। সম্প্রতি শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
কামরুদ্দিন আবসার দীর্ঘ দিন বাংলাদেশ লেখক শিবিরের সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি গণসংস্কৃতি ফ্রন্টের একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসঙ্গীত দল ‘সৃজন’-এর সাথেও তার দীর্ঘ সম্পৃক্ততা ছিল। গণসঙ্গীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন।
গণসঙ্গীতের বাইরে বহু ছড়াতেও সুর দিয়েছেন তিনি। শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করছে।



