নয়া দিগন্ত ডেস্ক
বিয়ের সময় অনেক অদ্ভুত ঘটনা ঘটে। অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববধূ ও বরকে। আবার পাত্রপাত্রীর কাণ্ডে হাসির রোলও ওঠে মাঝে মধ্যে। সে রকমই একটি ঘটনার ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে, বিয়ে করার আগে বাইকের পাংচার ঠিক করছেন বর। বরের পোশাকেই বাইক মেরামতির কাজে হাত লাগিয়েছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিওটি। তবে ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দী হয়েছে, তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয়।
ভিডিওতে দেখা গিয়েছে, শেরওয়ানি পরে বিয়ে করতে যাচ্ছেন বর। সাথে চলেছে শোভাযাত্রা। এরই মধ্যে সবাইকে অবাক করে রাস্তার পাশে একটি বাইকের পাংচার ঠিক করার জন্য শোভাযাত্রা ছেড়ে বেরিয়ে যান ওই পাত্র। তাকে দেখে হতবাক হয়ে যান পথচারীরা। আত্মীয়স্বজনও অবাক হয়ে যান। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। দাবি, পাত্র পেশায় মেকানিক। আর সে কারণেই অত দক্ষ হাতে বাইকের পাংচার ঠিক করছিলেন তিনি।
ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কাজের প্রতি পাত্রের নিষ্ঠার কারণে প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন, পাত্রের কাছে বিয়ের মতো তার কাজও সমান গুরুত্বপূর্ণ। তিনি দেখিয়েছেন যে, কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধকে কখনো উপেক্ষা করা উচিত নয়। কাজের প্রতি তার নিষ্ঠা স্পষ্ট। অন্য একজন আবার লিখেছেন, বর প্রমাণ করেছেন যে, বিয়ের মতো অনুষ্ঠানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা।



