আদালত প্রতিবেদক
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সঙ্ঘটিত দুই পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মালবাহী ট্রাকচালক মো: হোসেন এবং সিএনজি অটোরিকশাচালক সবুজ হত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করার পর পরোয়ানা জারির নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, মোহাম্মদপুর থানায় দায়ের করা এ দুই হত্যা মামলায় মোট ৬৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ৪১ জন পলাতক রয়েছেন বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় প্রসিকিউশন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন। পলাতক থাকার কারণে দুই মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।



