দর্শনা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন আটক

Printed Edition
দর্শনা সীমান্তে বিজিবির হাতে আটককৃতরা : নয়া দিগন্ত
দর্শনা সীমান্তে বিজিবির হাতে আটককৃতরা : নয়া দিগন্ত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির বারাদি সীমান্ত ফাঁড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে দু’জন পুরুষ, তিনজন নারী এবং পাঁচটি শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।