ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমে ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ। হাসানের এজেন্ট ইহসান সৈয়দ-হুসাইন জানিয়েছেন ভিসা জটিলতা কেটে গেলে আগামী ১২ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই কেন্টের হয়ে মাঠে নামবেন হাসান। তার আগে কাউন্টি ক্রিকেটে ওস্টারশায়ার এবং সারের হয়ে খেলেছিলেন আলরাউন্ডার সাকিব আল হাসান।
চুক্তি অনুযায়ী হাসান জুন মাসে কেন্টের হয়ে দু’টি ম্যাচ খেলবেন। চলতি মাসে দু’টি কাউন্টি ম্যাচ খেলবেন হাসান। জুলাই-আগস্টে নির্বাচিত হলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ, এরপর কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ এবং সবশেষে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়া সফর করবেন হাসান। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আবার ইংল্যান্ডে ফিরে কেন্টের হয়ে বাকি ৪টি কাউন্টি ম্যাচ খেলবেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় টেনিস এলবো ইনজুরিতে পড়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ মিস করেছিলেন হাসান।



