ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের নতুন মন্ত্রিসভা

Printed Edition

আলজাজিরা

সৌদি আরবের সমর্থনে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে। রিয়াদে কয়েক সপ্তাহের পরামর্শ শেষে শুক্রবার এ ঘোষণা দেয়া হয়। এ পদক্ষেপ আসে দক্ষিণ ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ভেঙে যাওয়ার পর। আমিরাত সেনা প্রত্যাহার করে নেয় এবং সৌদি আরব সামরিক পদক্ষেপ নেয়। এতে দুই আঞ্চলিক শক্তির সম্পর্কের টানাপড়েন দেখা দেয়।

৩৫ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রশাসন, অর্থনীতি, আইন ও শিক্ষা খাতের প্রতিনিধিত্ব রয়েছে। আগের মন্ত্রিসভার তুলনায় এতে ১০ জন বেশি সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ইয়াসিন আল-তামিমি বলেন, বড় মন্ত্রিসভা মূলত বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট করার নীতি। এতে বাজেটের চাপ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সমঝোতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল-জিন্দানি জানিয়েছেন, নতুন সরকারের লক্ষ্য হবে নাগরিকদের জীবনমান উন্নয়ন, দুর্নীতি দমন এবং হাউছি নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো পুনর্দখল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন। পিএলসি বর্তমানে দক্ষিণ ইয়েমেনের এডেন থেকে শাসন করছে। উত্তর ইয়েমেন হাউছি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।