প্রবাসীর ঘরে হামলা গুলিবিদ্ধ বাবা, কোপে আহত ছেলে

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় সৌদি আরবে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা হারছে। দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার ১২ বছর বয়সী ছেলে দিহান ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে আরেক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে অভিযুক্ত মো: রাকিবকে (৩৮) আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। তিনি রাজারচর এলাকার খালেক বেপারীর ছেলে।

পুলিশ জানায়, সৌদি আরবে অবস্থানকালে ব্যবসায়িক অর্থ লেনদেন নিয়ে রফিকুল ইসলাম ও রাকিবের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আহতের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করেন, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে রফিকুল ইসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি বলেন, ‘দুইজন ঘরে ঢুকে আমার স্বামীকে গুলি করে। বাইরে আরো কয়েকজন অবস্থান করছিল। আমার স্বামীর বুক, হাত, পা ও কোমরে গুলি লাগে। এমনকি আমার ছোট ছেলেকেও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।’

হামলার পর গুরুতর আহত রফিকুল ইসলামকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার ছেলে দিহান ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।