সুপ্রিম কোর্ট বার নির্বাচন

২ দিনে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনে মোট চার হাজার ৪৮ জন ভোট দিয়েছেন। গতকাল দ্বিতীয় ও শেষ দিনে দুই হাজার ২৭৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনসংক্রান্ত কমিটির সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান গতকাল বিকেলে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

এর আগে প্রথম দিন বুধবার ভোট দিয়েছিলেন এক হাজার ৭৭১ আইনজীবী। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই দিন সকাল ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ করা হয়।

এখন ভোট গণনা শেষে নির্বাচন সংক্রান্ত সাবকমিটি ফলাফল ঘোষণা করবে।

প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার পৌনে দুই বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো- বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।

তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। আওয়ামী লীগ সমর্থক ৪২ আইনজীবী মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল করা হয়।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল তথা নীল প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি মো: মাগফুর রহমান শেখ ও মো: শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্য পদে মো: জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্ল্যাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে এ কে এম আমজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো: কবির হোসেন, মো: টিপু সুলতান, মো: জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল তথা সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহসভাপতি পদে মো: আবদুল হক ও মইন উদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্য পদে এস এম জাহাঙ্গীর আলম, সহসম্পাদক পদে মো: তারিকুল ইসলাম ও জোবায়ের আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মাহমুদুল হাসান, মো: ফয়জুল্লাহ, মো: জোবায়ের তায়েব ও মোহাম্মদ নাঈম উদ্দিন লিখন প্রার্থী হয়েছেন।

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের সম্পাদক প্রার্থী এস এম আজমল হোসেন, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফ, সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো: বন-ই-আমিন ও মোহাম্মদ মাজহারুল ইসলাম। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো: আবু ইয়াহিয়া দুলাল, মো: ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো: জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।