জুলাই সনদ জনগণের সাথে দলগুলোর একটি চুক্তি : আলী রীয়াজ

Printed Edition
অধ্যাপক আলী রীয়াজ গুলশানে হোটেল লেকশোর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  : পিআইডি
অধ্যাপক আলী রীয়াজ গুলশানে হোটেল লেকশোর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি। ত্রিশটি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস নিরবচ্ছিন্ন আলোচনার মাধ্যমে এজেন্ডাগুলো তৈরি করেছে। তাই এ চুক্তির বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরও বর্তায়। এটি কোনো চাপিয়ে দেয়ার বিষয় নয়। এটি অগণিত শহীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

গতকাল বুধবার রাজধানীর লেকশোর হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলী রীয়াজ এসব কথা বলেন। ‘শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ : মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, গণ-অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশে আর কেউ ফ্যাসিবাদী কিংবা জমিদারিতন্ত্র কায়েম করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। আর অভ্যুত্থান রায় দিয়েছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, যার জন্য নির্বাচন দরকার। তিনি আরো বলেন, যদি ন্যায়বিচার চাই, সংস্কার চাই এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই- তা হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কার- সব কিছুর ক্ষমতা জনগণের হাতেই।

তিনি বলেন, দেশের ছাত্র-জনতা জীবন বিনিময় করে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্তি পেয়েছে। এখন আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথযাত্রায়: সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে, মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং গণভোটে হ্যাঁ-তে রায় দিতে হবে।

ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক, মর্যাদাভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী ১২ তারিখে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির, ইনস্টিটিউটের ডিসটিংগুয়েসড ফেলো সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বক্তব্য রাখেন। সার্ভে প্রতিবেদন উপস্থাপন করেন চৌধুরী সামিউল হক। আলোচনায় বিভিন্ন শ্রেণী, পেশা, সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে- আলী রীয়াজ

এ দিকে, রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে। যে গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান। তরুণদের আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে সচেতন সমাজ গড়ে তুলি এবং একটি সুন্দর, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসি। ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণরাই নিয়ামক শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।

‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এ প্রতিযোগিতায় তেজগাঁও কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে পরাজিত করে।