নয়া দিগন্ত ডেস্ক
চলতি বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে পর্দা উঠবে এই আসরের। এরপর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
চার বছর পরপর হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীদের উন্মাদনা আর অপেক্ষার উত্তেজনা থাকে তুঙ্গে। গ্যালারিতে বসে খেলা দেখতে কত কী করতে দেখা যায় ফুটবল-ভক্তদের! প্রতি বিশ্বকাপের মতো এবারো এর ব্যতিক্রম হয়নি। তিন দেশ মিলিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখতে নিজের বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছেন এক ফুটবল-ভক্ত।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ড ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক এই ফুটবলপাগল। বয়স তাঁর ৬২ বছর। এ পর্যন্ত ৯টি বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখেছেন অ্যান্ডি মেইন নামের এই অবসরপ্রাপ্ত শিক্ষক। জানালেন, এবারের ফুটবল মহাযজ্ঞে গ্যালারিতে থেকে দলকে সমর্থন দিতে তিনি তাঁর বাড়ি বিক্রি করতে প্রস্তুত।
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড দলের সমর্থনে এটি হতে যাচ্ছে তাঁর দশম বিশ্বকাপ যাত্রা। এর আগে তিনি পুরুষ দলের ৯টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের নারী বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখেছেন। গ্যালারিতে হাতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যান্ডি মেইন এখন ইংল্যান্ড সমর্থকদের কাছে এক পরিচিত মুখ।
উত্তর ইংল্যান্ডে একটি বাড়ি আছে বর্তমানে থাইল্যান্ডপ্রবাসী মেইনের। সেই বাড়ি তিন লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করার আশা করছেন তিনি। এত দিন ভাড়ায় ছিল বাড়িটি। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য মিরর’কে মেইন বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার খরচ মেটাতেই বাড়িটি বাজারে তুলছি। ২৭ বছর ধরে বাড়িটি ছিল। ভাড়া দিয়ে রেখেছিলাম। নগদ টাকা হাতে পাওয়ার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’



