দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়ন পরিষদে ভুয়া জন্মনিবন্ধন তৈরির একটি সঙ্ঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর একাধিক ধারায় মামলা হয়েছে।
গ্রেফতার দু’জন হলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান মাহমুদ (৩৫) ও উদ্যোক্তা মো: আরিফুল ইসলাম (৩০)। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার লোকজনকে বেগমপুর ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে দিতেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবায় এমন অনিয়ম ডিজিটাল নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য বড় হুমকি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাফতরিক নম্বরে পাঠানো এক অজ্ঞাতনামা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত করে দেখতে পান, যাদের নামে জন্মনিবন্ধন করা হয়েছে তারা কেউই বেগমপুর ইউনিয়নের বাসিন্দা নন। স্থানীয় বাসিন্দারাও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তদন্তে আরো জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্ধারিত নিবন্ধন আইডি ব্যবহার করে আরিফুল ইসলাম নিজেই জন্মনিবন্ধনের কার্যক্রম পরিচালনা করতেন, যা আইনবহির্ভূত। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে জন্মনিবন্ধন তৈরির বিষয়টি স্বীকার করেছেন। প্রশাসনের ধারণা, এ চক্রের মাধ্যমে বিপুলসংখ্যক ভুয়া জন্মসনদ তৈরি হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।



