বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী অর্থবছরের জন্য বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকার মাত্র দুই মাসের কিছু বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিদেশী সহায়তা, বিশেষ করে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা অত্যন্ত প্রয়োজন।

গতকাল বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানাস ঝুট অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। ১ ঘণ্টারও বেশি সময় স্থায়ী এ বৈঠকে আর্থিক খাতের বিভিন্ন সংস্কার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যাংক রেজুলেশন আইন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য জানতে চায় বিশ্বব্যাংক। বৈঠকে অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজুলেশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হচ্ছে। তিনি বলেন, ‘ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাতকে আরো শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ কাঠামোয় আনতে এই আইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

অর্থমন্ত্রী আরো জানান, বৈঠকে নতুন ঋণ সহায়তা এবং আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও আলোচনায় আসে। তবে বাজেট সহায়তার বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বলার সময় এখনো আসেনি।’ বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি।