শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুসংলগ্ন নদীশাসন বেড়িবাঁধ এলাকায় এক হাজার ৩০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়াঘেরা পরিবেশ সৃষ্টি এবং পর্যটন সম্ভাবনা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
গত শনিবার বিভাগীয় কমিশনার (রাজস্ব) আজমল হোসেন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদবরের চর এলাকার বেড়িবাঁধ থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত দীর্ঘ অংশজুড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, কেয়া, জারুল, সোনালু ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের পর পদ্মাপাড় ইতোমধ্যে জনপ্রিয় ভ্রমণস্থলে পরিণত হয়েছে। বিশেষ করে ঈদ ও ছুটির দিনে এখানে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। তবে গাছপালার অভাবে তীব্র রোদে দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। গাছগুলো বড় হলে এলাকাটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি সৃষ্টি হবে ছায়াময় ও মনোরম পরিবেশ।
কাঁঠালবাড়ি ইউনিয়নের বাসিন্দা শাহীন মাস্টার বলেন, সরকারি এ উদ্যোগ পদ্মাপাড়কে আরো আকর্ষণীয় করে তুলবে। একদিকে পদ্মার সৌন্দর্য, অন্যদিকে সারিবদ্ধ বৃক্ষরাজি পর্যটকদের জন্য নতুন মাত্রা যোগ করবে।
কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান জানান, উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এবং ইউনিয়ন পরিষদ সর্বাত্মক সহযোগিতা করছে।
বিভাগীয় কমিশনার (রাজস্ব) আজমল হোসেন বলেন, পর্যটকদের জন্য একটি নান্দনিক ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পুরো এলাকায় গাছ লাগানোর কাজ শেষ হতে আরো প্রায় এক সপ্তাহ সময় লাগবে।



