ক্রীড়া প্রতিবেদক
ভারতের আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক বোর্ড সভায় অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আইসিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এ সভায় সাধারণত পূর্ণ সদস্যগুলোর বোর্ড প্রধানেরা থাকেন। বিসিবির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হলেও তার ভূমিকা ছিল পর্যবেক্ষকের মতো।
আইনি জটিলতায় কি তামিম অনুপস্থিত আইসিসির বোর্ড সভায়। এ রকম একটি আলোচনার পরিপ্রেক্ষিতে বিসিবি জানিয়েছে আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস করপোরেশন বোর্ডে বিসিবির প্রতিনিধিদের মনোনয়ন ৭ জুন নির্বাচন প্রক্রিয়া শেষে দেয়া হবে। তবে কি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। তামিম যে এই মুহূর্তে আইসিসির বোর্ড সভায় থাকতে পারবেন না, সে গুঞ্জন হচ্ছিল আরো আগে থেকেই। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমকে অ্যাডহক কমিটির প্রধান করার পরও আইসিসির ওয়েবসাইটে এখনো আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড অব ডিরেক্টরসের সদস্য বলা হচ্ছে। যেখানে তামিমের কোনো নামই নেই। অথচ বলা হয়েছিল আইসিসির সাথে যোগাযোগ করেই নাকি বোর্ড ভাঙা হয়েছিল।
এটা স্পষ্ট যে, দাফতরিকভাবে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তামিমের ‘ইন্ডাকশন প্রসেস’ (সূচনাপ্রক্রিয়া) হয়নি আইসিসিতে। বিসিবির মনোনীত প্রতিনিধি হিসেবে তামিম যখন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইসিসিতে যেতে পারবেন, আনুষ্ঠানিকভাবে বিসিবির প্রতিনিধি হিসেবে পরিচিত হতে পারবেন, আইসিসির নির্দিষ্ট শর্ত ও আচরণবিধিতে সই করতে পারবেন, তখনই তিনি আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করবেন। তার আগে আইনি জটিলতায় তিনি আইসিসির বোর্ড সভায় অংশ নিতে পারবেন না।
নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসি দল
বাংলাদেশ সফরে আসতে পারেন আইসিসি প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং তাভেঙ্গয়া মুকুহলানি। সফরকালে এই প্রতিনিধিদলটি বিসিবির নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পক্ষের সাথে আলোচনা করবে এবং মাঠপর্যায়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। বিসিবির নির্বাচন দেখতে আইসিসির প্রতিনিধিদলের আসার ঘটনা বিরলই বটে। তবে সূত্র মতে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদের অভিযোগের প্রেক্ষিতে প্রতিনিধিদল পাঠাচ্ছে আইসিসি।
যা সিদ্ধান্ত হলো আইসিসির বোর্ড সভায়
বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের কারণে কয়েক দিনের আগে ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছিল আইসিসি। এবার আইসিসির সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশটির। আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কানাডার সদস্যপদ স্থগিত করলেও আইসিসি আশ্বস্ত করেছে যে, এর প্রভাব খেলোয়াড়দের ওপর পড়বে না। কানাডিয়ান জাতীয় দলগুলো আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষার্থে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইসিসি নিজেই তাদের অর্থায়ন তদারকি করবে।
টেস্টে গোলাপি বল
টেস্ট ক্রিকেটে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়া এড়াতে এখন থেকে ম্যাচ চলাকালীন খারাপ আলোর পূর্বাভাস থাকলে, দুই দলের পারস্পরিক সম্মতিতে ঐতিহ্যবাহী লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়ার পরীক্ষা চালানো হবে।
টি-২০ বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ার
সহযোগী দেশগুলোর ক্রিকেটের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দর্শকপ্রিয়তা ও আগ্রহের কথা বিবেচনা করে পুরুষদের টি-২০ বিশ্বকাপের জন্য আবার ‘গ্লোবাল কোয়ালিফায়ার’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ১৬ দল নিয়ে হবে এই কোয়ালিফায়ার প্রতিযোগিতা।
নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন
লেগ-সাইড ওয়াইডের নিয়মটি স্থায়ীভাবে গ্রহণ করা হয়েছে। এখন থেকে বোলার বল ছাড়ার মুহূর্তে ব্যাটারের অবস্থানকে রেফারেন্স বা ভিত্তি ধরে ওয়াইড নির্ধারণ করা হবে। সন্দেহভাজন অবৈধ বোলিং অ্যাকশনের রিপোর্ট পর্যালোচনার ক্ষেত্রে ম্যাচ অফিশিয়ালরা এখন থেকে সরাসরি হক-আই ডাটা ব্যবহার করতে পারবেন। নির্ধারিত ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচ বা তাদের মনোনীত প্রতিনিধিরা মাঠে খেলোয়াড়দের সাথে কৌশলগত যোগাযোগ বা কথা বলতে পারবেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখন থেকে বাধ্যতামূলকভাবে ১৫ মিনিটের ইনিংস বিরতি থাকবে। ২০২৭ সালের আইসিসি উইমেনস চ্যাম্পিয়ন্স ট্রফি পূর্বনির্ধারিত জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ১৪-২৮ ফেব্রুয়ারি হবে। ২০২৬ সাল থেকে চালু হচ্ছে ১০ দলের ‘উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি’। এতে পাঁচটি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং পাঁচটি সহযোগী দেশ অংশ নেবে।



