জুলাই বিপ্লবে স্বদেশী সাংস্কৃতিক জাগরণের উত্থান

আবুল কালাম
Printed Edition

জুলাই আন্দোলনের পর দেশের সাহিত্য ও কবিতার অঙ্গনে এক স্বদেশী সাংস্কৃতিক জাগরণের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই আন্দোলন কেবল রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দাবি উত্থাপন করেনি; বরং তরুণ সমাজের চিন্তা, অনুভূতি এবং প্রতিবাদকে সাহিত্যিক ভাষায় প্রকাশের একটি শক্তিশালী পরিসর তৈরি করেছে। আন্দোলনের অভিজ্ঞতা, শহীদদের স্মৃতি, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ এবং একটি নতুন সমাজ নির্মাণের স্বপ্ন- সবকিছুই কবিতা, গল্প, প্রবন্ধ ও গানে নতুন মাত্রা পেয়েছে। ফলে সাহিত্য, সঙ্গীত ও আন্দোলন পরস্পরের সাথে মিশে একটি সমন্বিত সাংস্কৃতিক জাগরণে রূপ নিয়েছে। কবিতা ও সাহিত্য এখানে আন্দোলনের ভাষা হয়ে মানুষের সাহস, প্রতিবাদ এবং স্বপ্নকে একসূত্রে বেঁধেছে।

অনুসন্ধান ও পর্যবেক্ষণে দেখা যায়, জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে তরুণ লেখক ও কবিদের মধ্যে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অনলাইন লেখক এবং সাংস্কৃতিক কর্মীরা আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে নিয়মিত কবিতা ও গদ্য রচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব লেখা- বিশেষ করে ছোট কবিতা, পোস্টার-কবিতা ও প্রতিবাদী ছড়া-নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক রচনায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের ভয়, সংগ্রাম এবং ন্যায়বিচারের আকাক্সক্ষাও স্থান পেয়েছে। এসব লেখায় একদিকে যেমন বেদনার প্রকাশ রয়েছে, তেমনি রয়েছে পরিবর্তনের দৃঢ় প্রত্যাশা।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রসার দেখা গেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী কবিতা পাঠ, আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করছে। নতুন অনেক কবি ও লেখক এই সময় নিজেদের পরিচিতি তৈরি করেছেন। অনেকে আন্দোলনের স্মৃতি সংরক্ষণে কাব্যগ্রন্থ ও স্মারক প্রকাশ করেছেন। এর ফলে সমকালীন সাহিত্যচর্চায় একটি নতুন প্রবাহ যুক্ত হয়েছে।

কবি ও সাহিত্যিকদের মতে, বাংলাদেশের গণআন্দোলনের ইতিহাসে সাহিত্য ও কবিতা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মতোই জুলাই আন্দোলনও সাহিত্য ও সংস্কৃতির জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিটি বড় গণআন্দোলন নতুন সাহিত্যধারার জন্ম দেয়-এ কথা ইতিহাসই প্রমাণ করে। এই ধারাবাহিকতায় জুলাই-পরবর্তী সাহিত্য তরুণ প্রজন্মের কণ্ঠস্বর ও সামাজিক চেতনার সরাসরি প্রতিফলন হয়ে উঠেছে। ভবিষ্যতে এটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মত প্রকাশ করেন অনেকে।

প্রবীণ কবি, লেখিকা ও গীতিকার মমতাজ মহল মুক্তা বলেন, জুলাই ছাত্র-জনতার আন্দোলনের পর আবৃত্তি ও গণসঙ্গীতের নতুন ধারা তৈরি হয়েছে। আন্দোলনের কবিতাগুলো আবৃত্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক কবিতা গানে রূপান্তরিত হয়েছে। এতে সাহিত্য, সঙ্গীত ও আন্দোলনের মধ্যে একটি দৃঢ় সাংস্কৃতিক সংযোগ গড়ে উঠেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী সাহিত্য পাঠের আয়োজন করছে, যা তরুণদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, প্রতিটি আন্দোলন নতুন সাহিত্যধারার জন্ম দেয়-রুশ ও ফরাসি বিপ্লব তার ঐতিহাসিক উদাহরণ। তার মতে, জুলাই আন্দোলন মানুষের মৌলিক অধিকার অর্জনের প্রতিধ্বনি। এই সময়ের কবিতায় বিশেষভাবে দেখা যায় শহীদ ও আহতদের স্মরণ, রাষ্ট্র ও সমাজের প্রতি প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, বৈষম্যের সমালোচনা এবং স্বাধীন মতপ্রকাশের দাবি। পাশাপাশি তরুণ লেখকেরা ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজের স্বপ্নও ব্যক্ত করেছেন।

কবি, লেখক ও সাংবাদিক জাকির আবু জাফর মনে করেন, জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক চেতনায় গভীর পরিবর্তন এনেছে। তার ভাষায়, সমকালীন কবিতায় নতুন উত্তাপ ও নতুন বাণী যুক্ত হয়েছে। দ্রোহ, প্রতিবাদ ও প্রতিরোধের উচ্চারণ এখন আরো স্পষ্ট ও সাহসী। অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহসী কণ্ঠস্বর এবং ইনসাফ ও সুবিচারের পক্ষে শক্ত অবস্থান এই সময়ের সাহিত্যকে নতুন পরিচয় দিয়েছে।

তরুণ লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মী আবিদ আজম বলেন, জুলাই আন্দোলনের পর ডিজিটাল সাহিত্যচর্চা সবচেয়ে বড় পরিবর্তনের ক্ষেত্র হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কবিতা ও গদ্যের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফেসবুক পোস্ট, ব্লগ, অনলাইন ম্যাগাজিন এবং ভিডিও আবৃত্তির মাধ্যমে হাজারো তরুণ নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন। অনেক সময় একটি ছোট কবিতা বা কয়েকটি প্রতিবাদী পঙক্তি মুহূর্তেই আন্দোলনের প্রতীক হয়ে উঠছে। তিনি আরো বলেন, দেয়াল লিখন, পোস্টার-কবিতা ও স্লোগানধর্মী সাহিত্যও এই সময় জনপ্রিয়তা পেয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক কেন্দ্র ও শহরের দেয়ালে প্রতিবাদী পঙক্তি লেখা হচ্ছে। এসব লেখার ভাষা সহজ, কিন্তু বার্তা শক্তিশালী। তরুণদের এই সৃজনশীল অংশগ্রহণ একটি স্বদেশমুখী সাংস্কৃতিক জাগরণের ইঙ্গিত বহন করে।

প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও আন্দোলন-পরবর্তী সময়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কবিতা সংকলন, স্মারকগ্রন্থ ও ছোটগল্প প্রকাশ শুরু হয়েছে। তরুণ লেখকদের জন্য সাহিত্য প্রতিযোগিতা ও অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এর ফলে নতুন লেখকের আগমন ঘটছে এবং সমকালীন সাহিত্য আরো সমৃদ্ধ হচ্ছে।

সব মিলিয়ে, জুলাই আন্দোলন-পরবর্তী সাহিত্যধারা ভবিষ্যতে গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে। এসব রচনায় সময়ের রাজনৈতিক বাস্তবতা, তরুণ সমাজের মানসিকতা এবং গণমানুষের আকাক্সক্ষা সরাসরি প্রতিফলিত হয়েছে। ইতিহাসের অন্যান্য গণ-আন্দোলনের মতোই এই সাহিত্যও একসময় সময়ের দলিল হিসেবে মূল্যায়িত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের স্মৃতি ও চেতনার বাহক হয়ে থাকবে।