ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হত্যার ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো: রফিকুল ইসলাম (৫৩)।
গতকাল ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় ছয়জন অভিযুক্তের মধ্যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অপর তিনজনকে খালাস দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নুরুল হকের ওপর হামলা হয়। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



