এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

Printed Edition

বাসস

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা।

গতকাল শনিবার সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন। সকালের পর্বে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

গতকাল (শুক্রবার) দু’দিনের এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দিন সকালে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুরের কয়েকজন সংসদ সদস্য অংশ নেন।

কর্মশালায় অংশ নেয়া এক সংসদ সদস্য বলেন, সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে দলীয় এমপিদের ধারণা দিতেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন।