দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আফ্রিকায় পরিচালিত অত্যন্ত জটিল এক অভিযানে এই জঙ্গি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আবু-বিলাল আল-মিনুকিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজন বলেও উল্লেখ করেন।
বার্তায় ট্রাম্প দাবি করেন, মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রেখেছিল। পরে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে হত্যা করে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু-বিলাল আল-মিনুকি নাইজেরিয়ার বর্নো অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ তালিকাভুক্ত করে।



